৭ জন নিহত, ৬ জন আহত: দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে উল্টে ভয়াবহ দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক খাদে উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার ঘোষণা দেন যে, শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং নিহতদের লাশ যথাযথভাবে পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আহতদের চিকিৎসা সহায়তায় স্থানীয়ভাবে সমন্বয় করা হচ্ছে এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন জানিয়েছেন, নিহত ৭ জনের লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। নিহতরা দেশের উত্তরাঞ্চল থেকে জীবিকার তাগিদে কুমিল্লা যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। আহতদের অভিযোগ, মেঘনা ব্রিজ পার হওয়ার পর চালক হেলপারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন, যা দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, কুমিল্লা জেলা প্রশাসন নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে।
#সড়কদুর্ঘটনা #কুমিল্লা #দাউদকান্দি #নিহত #আহত