৮.৫ কোটি টাকার রাস্তা নির্মাণে অনিয়ম: ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজ ও অতিরিক্ত বিল উত্তোলনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিণবের থেকে ফান্দাউক পর্যন্ত ১৮০০ মিটার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে টেন্ডার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ তিন বছরেও কাজ শেষ করতে পারেনি।
অভিযোগ রয়েছে, ঠিকাদার রাস্তাটির মাত্র ৪০ শতাংশ কাজ সম্পন্ন করে প্রায় ৯০ শতাংশ বিল তুলে নিয়েছেন। এতে প্রায় ৩ কোটি ৪১ লক্ষ টাকা অতিরিক্ত বিল উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। নিম্নমানের কাজের অভিযোগে অভিযুক্ত ঠিকাদার খাইরুল হাসানের বিরুদ্ধে সাবেক ও বর্তমান প্রকৌশলীদের সহায়তায় এই অনিয়ম করার অভিযোগ উঠেছে।
রাস্তার কাজ বন্ধ থাকায় হরিণবের, ফান্দাউক এবং ভলাকুট ইউনিয়নের কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আরিফ হোসেন দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলেও, নাসিরনগর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল বিষয়টি খতিয়ে দেখার এবং ঠিকাদারকে চাপ দেওয়ার কথা জানিয়েছেন।
#নাসিরনগর #রাস্তা #দুর্নীতি #ঠিকাদার #এলজিইডি