আজ থেকে বাতিল হচ্ছে ২০টি অধ্যাদেশ, গণভোটসহ কী কী থাকছে বাতিল?

জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বৈধকরণের কাজ শেষ করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জুলাইযোদ্ধাদের দায়মুক্তিসহ ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। চারটি পৃথক বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ সাতটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এছাড়া গণভোট অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশসহ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা বাকি ১৩টি অধ্যাদেশে সংসদের অনুমোদন মেলেনি। ফলে অন্তর্বর্তী সরকারের করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি আজ থেকে কার্যকারিতা হারাল।
এদিকে গতকাল শুক্রবার বিল পাসের শেষদিকে সংসদীয় বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে বিরোধী দল ওয়াকআউট করে। গতকালসহ টানা ছয় দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি করেছে। দেশের জাতীয় সংসদের ইতিহাসে অল্প সময়ের মধ্যে এত সংখ্যক বিল পাসের নজির নেই। গতকাল শেষ দিনে ২৪টি বিল পাস হয়। এছাড়া ৫ এপ্রিল দুটি, ৬ এপ্রিল সাতটি, ৭ এপ্রিল ১৪টি, ৮ এপ্রিল ১৩টি ও ৯ এপ্রিল ৩১টি বিল পাস হয়।
রহিতকরণ বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ সাতটি অধ্যাদেশে গৃহীত কার্যক্রমের সুরক্ষা দেওয়া হলেও গণভোট, দুদক এবং গুমসহ ১৩টি অধ্যাদেশের ক্ষেত্রে কোনো সুরাহা হয়নি। ফলে এসব অধ্যাদেশের অধীনে অন্তর্বর্তী সরকারের গৃহীত কার্যক্রমের সুরক্ষা কী হবে তা অস্পষ্ট থেকে যাচ্ছে। এমনকি গণভোট অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত 'গণভোট ২০২৬'-সহ অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তৈরি হলো।
সংসদ চলমান না থাকাকালে রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করেন তা সংসদের বৈঠকে উত্থাপনের এবং ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। গতকালই ছিল সংসদে নিষ্পত্তির শেষ দিন। গত ১২ মার্চ সংসদ অধিবেশন শুরুর দিনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে এ ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। গত ২ এপ্রিল বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদে প্রতিবেদন পেশ করেন। ওই প্রতিবেদনে ৯৮টি অধ্যাদেশ হুবহু ও ১৫টি সংশোধিত আকারে পাস করার সুপারিশ করা হয়। এছাড়া চারটি বাতিল ও ১৬টি পরবর্তী সময়ে যাচাই-বাছাইসহ অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়।
বিশেষ কমিটির সুপারিশে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ভবিষ্যতে নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ থাকলেও সুপারিশের বাইরে গিয়ে সংসদে বিল তুলে অধ্যাদেশটি রহিতকরণ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রণীত মানবাধিকার কমিশন আইনকে পুনর্বহাল করা হয়েছে। অন্যদিকে কমিটির প্রতিবেদনে পুলিশ কমিশন অধ্যাদেশকে সংশোধিত আকারে বিল পাসের সুপারিশ হলেও এই অধ্যাদেশটি তোলাই হয়নি।
এদিকে বিশেষ কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ হলেও শেষ দিনে তোলা এ সংক্রান্ত বিলটি সংশোধিত আকারে পাস হয়। সরকার দলের একজন সদস্যের সুপারিশে এই বিলে তিনটি সংশোধনী সংসদ গ্রহণ করে এবং সংশোধিত আকারে পাস হয়। বিশেষ কমিটির সুপারিশের বাইরে গিয়ে অধ্যাদেশ রহিতকরণ এবং বিল পাসের এই প্রক্রিয়া নিয়ে বিরোধী দল ও আইনজীবীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
#অধ্যাদেশ #গণভোট #জাতীয়সংসদ