National
৩ মার্চ, ২০২৬

আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পথচারীর মর্মান্তিক মৃত্যু

আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পথচারীর মর্মান্তিক মৃত্যু

নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রহিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে আখাউড়া রেল সেকশনের মন্দবাগ রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিম মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে ছিলেন।

 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রহিম মিয়া মন্দবাগ এলাকায় রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। সে সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তিনি মারা যান।

 

খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।