Chattogram
১৪ এপ্রি, ২০২৬

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাঁশখালীর ৫ যুবক নিখোঁজ, স্বজনদের উদ্বেগ

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাঁশখালীর ৫ যুবক নিখোঁজ, স্বজনদের উদ্বেগ

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর অন্তত ৫ জন যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

নিখোঁজ যুবকরা সবাই বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন—মো. রুবেল (৩৩), মো. ওসমান গণী (১৮), মো. বেলাল উদ্দিন (২৫), আজিজ (২৮) এবং জামাল উদ্দিন ওরফে মানিক (২৩)।

 

স্বজনদের অভিযোগ, দালাল চক্র মিথ্যা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর নামে তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠিয়েছে। নিখোঁজ মানিকের পিতা মকছুদ আহমদ জানান, কাজের আশ্বাস দিয়ে তার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে জানতে পারেন ট্রলারটি সাগরে ডুবে গেছে, কিন্তু এখনো ছেলের কোনো সন্ধান মেলেনি।

 

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী গভীর সমুদ্রে একটি নৌযান বিপদগ্রস্ত অবস্থায় শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে প্রথমে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। বাংলাদেশি জাহাজ ‘এমটি মেঘনা প্রাইড’ তাদের উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

 

উদ্ধার হওয়া ৯ জনকে টেকনাফ মডেল থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভুক্তভোগীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রলারে মোট কতজন যাত্রী ছিলেন তার সুনির্দিষ্ট তালিকা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পূর্ব পুঁইছড়ি গ্রামের অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন এবং ইউনিয়নের আরও ১০-১৫ জন ওই ট্রলারে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল কক্সবাজারের বিভিন্ন এলাকা এবং বাঁশখালী থেকে যাত্রীদের ছোট নৌকায় করে গভীর সমুদ্রে থাকা একটি বড় ট্রলারে তোলা হয়। প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

 

বেঁচে ফেরা একাধিক যাত্রীর ভাষ্য অনুযায়ী, ট্রলারে নারী-শিশুসহ প্রায় ২৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর তারা দুই দিন সাগরে ভেসে থাকার পর একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে। তবে বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তারা।

 

#ট্রলারডুবি #বাঁশখালী #নিখোঁজ #মালয়েশিয়াগমন