National
১০ মার্চ, ২০২৬

আনোয়ারা: চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের অভিযোগ 'হত্যা'

আনোয়ারা: চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের অভিযোগ 'হত্যা'

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ছয়তলা ভবন থেকে পড়ে মহিম (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার হাসেম কমপ্লেক্স নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত মহিম কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় নানাবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভবনটিতে শব্দ শুনে দারোয়ান বাইরে এসে দেখেন একজন যুবক ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছেন। তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র আরও জানায়, নিহত মহিম 'জ্ঞান সম্রাট' নামের একটি 'কিশোর গ্যাং'-এর সদস্য ছিলেন এবং এর আগেও একাধিকবার চুরির সময় হাতেনাতে ধরা পড়েছিলেন। এই ঘটনার পরদিন সকালে কয়েকজন কিশোর দলবল নিয়ে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়, যা নিয়ন্ত্রণে পুলিশকে ঘটনাস্থলে যেতে হয়।

তবে নিহতের পরিবারের অভিযোগ, মহিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের খালা সানোয়ারা বেগম বলেন, 'আমার বোনের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ভবন থেকে পড়ে মারা যায়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।' লাশ ময়নাতদন্তের জন্য নেওয়ার সময় পুলিশ ও স্বজনদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#আনোয়ারা #কিশোরমৃত্যু #চট্টগ্রামচুরি #মহিমহত্যাঅভিযোগ #কিশোরগ্যাং