বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক রাতে সর্বস্ব হারালো পরিবার, ২১ ছাগল-৩ গরু পুড়ে ছাই

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুজাম্মেল হক নামের এক পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, যা দ্রুত বসতঘর, রান্নাঘর এবং গবাদিপশুর ঘরে ছড়িয়ে পড়ে।
এই অগ্নিকাণ্ডে পরিবারটি তাদের রুটিরুজির একমাত্র অবলম্বন, গবাদিপশু হারিয়েছে। ঘটনাস্থলেই ৩টি গরু এবং অন্তত ২১টি ছাগল পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও গ্রামের ভেতরের রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা জানিয়েছেন যে, অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও, বসতঘর ও জীবিকা নির্বাহের জন্য পালন করা গবাদি পশু হারিয়ে মুজাম্মেল হকের পরিবারটি বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে।