National
৪ এপ্রি, ২০২৬

বালু উত্তাপে সাঘাটার বন্যা বাঁধ ধস, যমুনা তীরবাসীর জীবন বিপন্ন

বালু উত্তাপে সাঘাটার বন্যা বাঁধ ধস, যমুনা তীরবাসীর জীবন বিপন্ন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাঁধের অসংখ্য স্থানে ধসে যাচ্ছে, যা যমুনার ডান তীরবর্তী এলাকার মানুষজনকে আসন্ন বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধার সাঘাটা-মুন্সিরহাট এলাকায় নবনির্মিত বাঁধটির ওপর দিয়ে ট্রাক্টর ও অন্যান্য ভারী যানবাহন নিয়ে দিনরাত বালু উত্তোলনের কাজ চলছে। স্থানীয় আবাদি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বাঁধের বাম অংশে প্রায় ৩০ ফুট গভীর করে ট্রাক্টর দিয়ে বালু ওঠানামা করানো হচ্ছে।

 

স্থানীয় কৃষক মাহাবুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই অপকর্ম চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাক্টর মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করলে হুমকি-ধমকি দেওয়া হয়।

 

মুন্সিরহাট এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান, অবৈধ ভটভটি ও ট্রাক্টরের ধুলোবালুতে গাছের পাতা ঢেকে যাচ্ছে এবং গাছ-গাছালিতে ফল ধরছে না।

 

ভ্যানচালক গোলজার রহমান বলেন, বালু ফেলে রাখার কারণে চলাচল করতে অসুবিধা হচ্ছে এবং ভ্যান চালানোও কষ্টকর হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং বাঁধের ওপর ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।

 

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর জানান, অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সত্যতা প্রমাণিত হলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, বাঁধের ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।