National
২৯ মে, ২০২৬

বার্ষিক উন্নয়ন প্রকল্পের অধীনে সড়ক নির্মাণে ভাঙা কালভার্ট নিয়ে জনসাধারণের উদ্বেগ

বার্ষিক উন্নয়ন প্রকল্পের অধীনে সড়ক নির্মাণে ভাঙা কালভার্ট নিয়ে জনসাধারণের উদ্বেগ

উজিরপুর, বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর রূপায়ণ সাংস্কৃতিক সংগঠন এলাকা থেকে উজিরপুর পৌর সদরের নাজিরের বাড়ির ব্রিজ পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণকাজ চলমান। বরিশাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে।

প্রায় তিন মাস আগে সড়কটির নির্মাণ কাজ শুরু হলেও, একটি ভাঙা কালভার্টের কারণে পুরো প্রকল্পের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, সড়কটি শেষ হওয়ার আগেই জরুরি ভিত্তিতে কালভার্ট ও প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করা না হলে, বহু প্রতীক্ষিত এই সড়কটি কার্যত অচল হয়ে পড়বে এবং জনসাধারণের ভোগান্তি আরও বাড়বে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক নির্মাণ শুরুর পূর্বে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর (ভেকু) পরিবহনের সময় একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে যায় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওই কালভার্টটি পুনরায় নির্মাণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন করেছে।

এলাকাবাসীর মতে, পূর্ব ধামসর থেকে উজিরপুর উপজেলা সদর পর্যন্ত এই সড়কটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ধামসর এলাকা থেকে শের বাংলা বালিকা বিদ্যালয়, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন, থানা কমপ্লেক্স এবং উজিরপুর বন্দরের সাথে সংযোগ স্থাপন করে। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এই সড়কটির কারণে কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী সাইদুর রহমান ইকবাল বলেন, ‘কালভার্ট ছাড়া যদি রাস্তার কাজ শেষ করা হয়, তাহলে বহু প্রতীক্ষিত এই সড়কটি কার্যত জনসাধারণের কোনো কাজেই আসবে না।’

সাবেক শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘সড়কে পিচঢালাইয়ের আগেই ভাঙা কালভার্ট পুনর্নির্মাণ এবং খোলনার মোড় ব্রিজ, আটিপাড়া বাজারের ব্রিজ ও আন্ধিরপাড় এলাকায় বক্স কালভার্ট নির্মাণ করা জরুরি। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে ছোট যানবাহনের চাপ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।’

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব দ্রুত কালভার্ট নির্মাণকাজ শুরু করা হবে।’

উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান, খুব শিগগিরই কালভার্টের কাজ শুরু হবে।

এদিকে, স্থানীয়দের আশঙ্কা, সড়কে বিটুমিন ও পিচঢালাইয়ের কাজ শেষ হওয়ার আগেই যদি কালভার্ট ও প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ শুরু না হয়, তাহলে ভবিষ্যতে প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়তে পারে। তাই সড়ক কাজটি সম্পন্ন হওয়ার পূর্বেই প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

#বরিশাল #উজিরপুর #সড়কনির্মাণ #কালভার্ট #উন্নয়নপ্রকল্প #জনভোগান্তি