বগুড়ার ধুনটে মানসিক ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে বৃদ্ধ কৃষক নিহত

বগুড়ার ধুনট উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় মানসিক ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে ৬৫ বছর বয়সী কৃষক সঞ্জব আলী শেখ নিহত হয়েছেন। নিহত সঞ্জব আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক সুলতান মাহমুদ (৩৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার পাগলামির মাত্রা হঠাৎ বেড়ে যায়। এ সময় সঞ্জব আলী কৃষিকাজের উদ্দেশ্যে ফসলি মাঠের দিকে যাচ্ছিলেন। পথে সুলতান মাহমুদের বাড়ির কাছে পৌঁছালে তিনি উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় সঞ্জব আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।
ঘটনার পর গ্রামবাসী ঘাতক সুলতান মাহমুদকে আটক করে ধুনট থানায় সোপর্দ করে।
এই ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। দুপুরের দিকে সুলতান মাহমুদকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং তার পরিবারের মানসিক ভারসাম্যহীনতার দাবি খতিয়ে দেখা হচ্ছে।