National
১৬ এপ্রি, ২০২৬

বিএনপি নেতা পরিচয়ে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি: বাকেরগঞ্জে তোলপাড়

বিএনপি নেতা পরিচয়ে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি: বাকেরগঞ্জে তোলপাড়

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রেজা সুমন নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে কৃষিজমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি সাবেক জেলা জজ (অব.) রেজা তারিক আহম্মেদ, রেজা মাহামুদ, রেজা হাবিবুর রহমান ও সৈয়দ আ. সোবাহানের মতো ব্যক্তিদের মালিকানাধীন এক ফসলি ও তিন ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন।

মাটি কাটার ঘটনায় জমির মালিকদের পক্ষে রেজা মাহমুদ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সুমন মাছের ঘের করার কথা বলে জমি লিজ নিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছেন। এমনকি ১৩১০ নং দাগের জমির মাটি কেটে তিনি পাকা রাস্তায় ওঠার বিকল্প পথও তৈরি করছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া মৌজার বিভিন্ন দাগের ফসলি জমি থেকে পাঁচ থেকে সাত ফুট, এমনকি কিছু ক্ষেত্রে ১০ থেকে ১২ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এতে আশপাশের কৃষিজমিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় কৃষক ও জমির মালিকেরা এ ঘটনায় উদ্বিগ্ন।

অভিযোগ রয়েছে, রেজা সুমন বিগত সাত-আট বছর ধরে বিভিন্ন ফসলি মাঠ থেকে মাটি কিনে ইটভাটায় বিক্রি করে আসছেন। পূর্বে গভীর রাতে মাটি কাটা হলেও বর্তমানে দিনের বেলা থেকে গভীর রাত পর্যন্ত এই কার্যক্রম চলছে। তিনি এর আগেও নদীর পাড় ও সরকারি চরের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভূমি আইনে একাধিক মামলায় আসামি হয়েছেন।

স্থানীয় এক বৃদ্ধ কৃষক সৈয়দ আবদুস সোবাহান জানান, রেজা সুমন বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক তার ২২ শতাংশ জমি থেকে মাটি কেটে নিয়ে গেছেন। প্রতিবাদ করলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। অন্য এক কৃষক সালাম খান জানান, মাটি কাটার কারণে তার মুগ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

এই অবৈধ মাটি ব্যবসায়ের ফলে উর্বর আবাদি জমি কমে যাচ্ছে, যা খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা হ্রাস করবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন তৎপর হলে এই প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের কার্যক্রম বন্ধ করা সম্ভব।

#বাকেরগঞ্জ #কৃষিজমি #বিএনপি #মাটিখেকো #ইটভাটা