বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে মারধর করে বাড়ি দখলের অভিযোগ নীলফামারীতে

নীলফামারীর সৈয়দপুরে শবনম বেগম নামে এক অসহায় গৃহবধূকে মারধর করে তার বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা হোসেন গুড্ডুর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শবনম বেগম সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শবনম বেগম প্রায় ২২ বছর ধরে সৈয়দপুর রেলওয়ে কারখানার সামনে সাহেবপাড়া ক্যান্টিন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি অভিযুক্ত হোসেন গুড্ডু ওই বাড়ি রেলওয়ের সরকারি জায়গায় অবস্থিত দাবি করে শবনম বেগম ও পাশের আরেকটি পরিবারকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।
গত সোমবার বিকেলে হোসেন গুড্ডু কয়েকজন সহযোগীসহ শবনম বেগমের বাসায় গিয়ে তাকে বাড়ি ছেড়ে দিতে বলেন। শবনম বেগম এতে আপত্তি জানালে তাকে মারধর করা হয় এবং ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে বাড়িটি দখল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শবনম বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে সেখানে ভাড়া থাকেন এবং তাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তার থাকার কোনো জায়গা নেই।
অভিযুক্ত হোসেন গুড্ডু দাবি করেছেন, বাড়ির মালিক জায়গাটি বিক্রি করেছেন এবং সে অনুযায়ী ভাড়াটিয়াকে সরানো হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে কর্তৃপক্ষও জানিয়েছে, রেলওয়ের সরকারি জায়গায় অবৈধ স্থাপনার সুযোগ নেই এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
#নীলফামারী #সৈয়দপুর #বাড়িদখল #বিএনপি #গৃহবধূ