Chattogram
১১ এপ্রি, ২০২৬

বিজিবির ফ্যামিলি কোয়ার্টারে নারীর আত্মহত্যা: তদন্ত চলছে

বিজিবির ফ্যামিলি কোয়ার্টারে নারীর আত্মহত্যা: তদন্ত চলছে

কক্সবাজারের রামুতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর একটি সরকারি ফ্যামিলি কোয়ার্টারে এক তরুণী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের রামু ব্যাটালিয়ন-৩০ বিজিবির জেসিও কোয়ার্টারে।

নিহত রাবেয়া আক্তার ফেরদৌসী (২৮) ওই ব্যাটালিয়নের জেসিও সুবেদার মেজর মো. বজলুর রশিদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাবেয়া তার বাবার কোয়ার্টারে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার পুলিশ আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানাতে পারেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রাবেয়া গত ছয় মাস ধরে বাবার বাসায় অবস্থান করছিলেন। তার দুটি ছেলেসন্তান রয়েছে এবং তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। #রামু #বিজিবি #আত্মহত্যা #কক্সবাজার