National
১২ এপ্রি, ২০২৬

বিমা গ্রাহক সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হবিগঞ্জে আহত অর্ধশতাধিক

বিমা গ্রাহক সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হবিগঞ্জে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। গ্রামের দুই বাসিন্দা, যারা ভিন্ন দুটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত, তাদের মধ্যে গ্রাহক বৃদ্ধি ও সুযোগ-সুবিধা নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

এই বিরোধ দ্রুত দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে বহু লোক আহত হন।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমা গ্রাহক সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রেখেছে।

#নবীগঞ্জ #বিমা #মারামারি #আহত #হবিগঞ্জ