রাজনীতি
১১ এপ্রি, ২০২৬

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সংসদে ওয়াক আউট: নির্বাচন ও অধ্যাদেশ নিয়ে প্রশ্ন

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সংসদে ওয়াক আউট: নির্বাচন ও অধ্যাদেশ নিয়ে প্রশ্ন

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সংসদ ও নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছেন। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারি দলের স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে সাক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।

 

তিনি আরও বলেন, একজন প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে, আন্দোলন ছাত্রদের দ্বারা পরিচালিত হলেও তারা (রাজনৈতিক নেতারা) সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ড. ইউনুস লন্ডনে গিয়ে ট্রফি গ্রহণ করেছেন, যা লজ্জাজনক। যদি নির্বাচনের ভাগ্য পর্দার আড়ালে নির্ধারিত হয়ে থাকে, তবে তা জাতির সঙ্গে ব্লাকমেইলিংয়ের শামিল।

 

শুক্রবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের শেষ পর্যায়ে ওয়াক আউটের পর এক প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান এই মন্তব্য করেন। তিনি ওয়াক আউটের কারণ হিসেবে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিতে সরকারি দলের অসহযোগিতা এবং বিশেষ কমিটি কর্তৃক বিরোধী দলের মতামত উপেক্ষা করার অভিযোগ আনেন।

 

ডা. শফিকুর রহমান জানান, ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হলেও সরকারি দলের সদস্যরা নিজেদের মতো করে একটি রিপোর্ট চূড়ান্ত করে, যা বিরোধী দলের সদস্যদের অজানা ছিল। যদিও পরে কিছু সংশোধন আনা হয়, তবে এই প্রক্রিয়া সুস্থধারার ছিল না।

 

তিনি বলেন, উত্থাপিত অধ্যাদেশগুলো সংসদের সম্পত্তি এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। স্পিকারও সব অধ্যাদেশ আলোচনার ব্যাপারে একমত হয়েছিলেন। কিন্তু শুক্রবার দেখা যায়, জাতির নিরাপত্তা ও নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে উপেক্ষা করে সেগুলো উত্থাপন করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এছাড়াও, জুলাই জাদুঘর সংক্রান্ত বিল পাসের সময় সরকারি দলের একজন সদস্যের আনা তিনটি সংশোধনী সম্পর্কে বিরোধী দল আগে থেকে অবগত ছিল না বলে তিনি অভিযোগ করেন, যা তাদের নীতিগত আপত্তির কারণ হয়েছে।

 

#সংসদ #নির্বাচন #অধ্যাদেশ #জামায়াত #ওয়াকআউট