বোর্দো বন্দরে ক্রুজ জাহাজে নোরোভাইরাস আতঙ্ক: ১,৭০০ যাত্রী ও ক্রুকে কোয়ারেন্টাইন

ফ্রান্সের বন্দরনগরী বোর্দোতে নোরোভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের আশঙ্কায় ‘অ্যাম্বিশন’ নামের একটি বিলাসবহুল ক্রুজ জাহাজের ১ হাজার ৭০০-এর বেশি যাত্রী ও ক্রু সদস্যকে জাহাজের ভেতরেই থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বোর্দো বন্দরে পৌঁছানো এই জাহাজের বেশিরভাগ যাত্রীই ব্রিটিশ ও আইরিশ নাগরিক। ফরাসি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে অন্তত ৫০ জনের মধ্যে নোরোভাইরাসের উপসর্গ পরিলক্ষিত হয়েছে। ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাম্বাসেডর ক্রুজ লাইন নিশ্চিত করেছে যে, বর্তমানে ৪৮ জন যাত্রী এবং একজন ক্রু সদস্য পরিপাকতন্ত্রের অসুস্থতায় ভুগছেন। এই জাহাজটি ১৪ রাতের একটি ভ্রমণসূচী নিয়ে এসেছিল।
এর মধ্যেই, রবিবার জাহাজে থাকা ৯২ বছর বয়সী এক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে, ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, মৃত যাত্রীর মধ্যে পরিপাকতন্ত্রের অসুস্থতার কোনো লক্ষণ ছিল না। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। ক্রুজটি শুক্রবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট এবং শনিবার ইংল্যান্ডের লিভারপুল থেকে যাত্রা শুরু করেছিল। অপারেটরের তথ্য অনুসারে, লিভারপুল থেকে যাত্রী ওঠার পর থেকেই অসুস্থতার ঘটনা বাড়তে শুরু করে।
অ্যাম্বাসেডর ক্রুজ লাইন একটি বিবৃতিতে জানিয়েছে যে, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পুরো জাহাজজুড়ে অতিরিক্ত পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানগুলোতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা, নির্দিষ্ট ডাইনিং এলাকায় অতিরিক্ত সহায়তাকারী কর্মীদের মোতায়েন এবং যাত্রীদের হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, পরিপাকতন্ত্রের অসুস্থতা সংক্রান্ত চিকিৎসা পরামর্শ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পাশাপাশি, জাহাজের স্বাস্থ্যগত পরিস্থিতি মূল্যায়নের জন্য বোর্দো কর্তৃপক্ষ একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এবং স্যানিটেশন পরামর্শক পাঠিয়েছে। বিশেষজ্ঞ দলটি জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে বোর্দো ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষার জন্য পাঠিয়েছে, যার ফলাফল পেতে প্রায় ৬ ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত এবং পরীক্ষার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল যাত্রী ও ক্রুকে জাহাজে অবস্থান করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের ছাড়পত্র পেলেই কেবল যাত্রীরা জাহাজ থেকে নামার সুযোগ পাবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
#নোরোভাইরাস #ক্রুজজাহাজ #বোর্দো #ফ্রান্স #স্বাস্থ্যঝুঁকি