ব্রাহ্মণবাড়িয়ায় কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা, চুরির উদ্দেশ্যে হামলা নাকি অন্য কারণ?

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মো. নুর আহম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) ভোরে কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুর আহম্মদ প্রায় ৩০ বছর ধরে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাড়ির মালিকপক্ষ বর্তমানে বিদেশে থাকায় তিনি একাই বাড়িটি দেখাশোনা করতেন।
সোমবার সকালে তাকে খুঁজে না পেয়ে তার ছেলে সুমন মিয়া বাড়িতে গিয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং বাড়ির পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হয়েছিলেন।
স্থানীয়দের সহায়তায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
পরিবারের দাবি, নিহতের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে স্থানীয়দের ধারণা, চুরির উদ্দেশ্যে আসা দুর্বৃত্তরা তাকে চিনে ফেলায় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। সন্ধ্যার পর ওই নির্জন এলাকায় মাদকসেবী ও দুর্বৃত্তদের আনাগোনা ছিল বলে জানা গেছে।
সরাইল থানার ওসি মনজুর কাদির ভূঁইয়া জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
#ব্রাহ্মণবাড়িয়া #সরাইল #হত্যা #কেয়ারটেকার #দুর্ঘটনা