বরিশালে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো—ভ্যানচালক কাওছার হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩) এবং ইরাক প্রবাসী বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ মৃধা (৩)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
পরিবারের সদস্যরা জানান, ঈদের পরদিন রোববার সকালে তারা নানা মোশারফ হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেছেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
#বরিশাল #দুর্ঘটনা #শিশু #মৃত্যু