চাঁদপুরের মতলব দক্ষিণে আরএফএল কর্মীর লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আরএফএল কোম্পানির এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের মতিন মৃধার ভাড়া বাসা থেকে ২৭ বছর বয়সী অলক কুমার মোহন্তের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁ জেলার নিয়ামতপুরের অমল মোহন্তের ছেলে এবং আরএফএল কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত তিন মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার সারাদিন তিনি ঘর থেকে বের না হওয়ায় বাড়ির মালিক মতিন মৃধার সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক জানালা দিয়ে উঁকি মেরে অলককে বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে অলকের লাশ উদ্ধার করে। অলকের সহকর্মীরা জানান, তিনি ২ মার্চ কাজে এলেও ৩ মার্চ কর্মস্থলে আসেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ ছিল।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।