চাটখিলে নিখোঁজ যুবকের অগ্নিদগ্ধ ও অর্ধগলিত লাশ উদ্ধার, চাঞ্চল্য

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোকন (২৭) নামের এক যুবকের অগ্নিদগ্ধ ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খোকন দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারীবাড়ির ফারুক হোসেনের ছেলে।
গত বৃহস্পতিবার রাতে একটি ফোন পেয়ে খোকন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার রাতে স্থানীয়রা দৌলতপুর গ্রামের মাহবুবুর রহমানের বাড়ির পাশে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোকনের লাশ শনাক্ত করে। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, নিখোঁজের রাতেই তাকে হত্যা করা হয়েছে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মোন্নাফ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে এবং তদন্ত চলছে।
#চাটখিল #নোয়াখালী #যুবকেরলাশ #অগ্নিদগ্ধ #অর্ধগলিত #নিখোঁজ