ছাত্রদলের হামলায় শাহবাগে অন্তত ১০ সাংবাদিক আহত, ভিডিও ধারণে বাধা

রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত চোখে ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও কালেরকন্ঠের ঢাবি রিপোর্টার মনজুর হোসেন মাহী জানান, ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কর্মীরা সাংবাদিকদের বাধা দেয়। তিনি পরিচয় দেওয়ার পরও তারা উত্তেজিত হয়ে অশালীন ভাষায় গালাগাল করে এবং সাংবাদিকদের ওপর হামলা চালায়।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- কালেরকন্ঠের মানজুর হোসেন মাহি, আগামীর সময়ের লিটন ইসলাম, ঢাকা ট্রিবিউনের শামসুদ্দৌজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খান, ডেইলি অবজারভারের নাইমুর রহমান ইমন এবং রাইজিং বিডি ডটকম এর সৌরভ ইসলাম। হামলায় জড়িতদের মধ্যে হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্রদলের আহ্বায়ক আবু জ্বার গিফারী ইফাত, সদস্য সচিব মনসুর রাফি, শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় একাত্তর হল ছাত্রদলের নেতা সাকিব বিশ্বাস ও সাজ্জাদ খান, সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, জিয়াউর রহমান হলের কারিব চৌধুরী, কবি জসিমউদদীন হল ছাত্রদলের নেতা মোহতাসিম বিল্লাহ হিমেল, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল নেতা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় ও ইমাম আল নাসের মিশুকসহ আরও অনেকে ছিলেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। #সাংবাদিকনিগ্রহ #ছাত্রদল #শাহবাগ #ঢাকাবিশ্ববিদ্যালয় #হামলা