চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের কারণে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর স্বাস্থ্য বিভাগ অভিযুক্ত ‘ওয়ান স্টপস মেটারনিটি’ ক্লিনিকটি সিলগালা করেছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার (১০ এপ্রিল) প্রসবব্যথা শুরু হলে লিজাকে প্রথমে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখানকার এক নার্সের মাধ্যমে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ‘ওয়ান স্টপস মেটারনিটি’ ক্লিনিকে ভর্তি করা হয়।
ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত সিজারের জন্য চাপ দেয় এবং ২২ হাজার টাকায় চুক্তি করে। রাত ১০টার দিকে ডা. নাসরিন আক্তার মুক্তা সিজার সম্পন্ন করেন। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই লিজার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ফেনীর অপর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, সেখানকার চিকিৎসকরা দ্রুত চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি একাধিকবার ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তা এড়িয়ে যান। পরে কয়েক দফা রক্ত দেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি। তাদের ধারণা, অস্ত্রোপচারের সময় জরায়ু বা কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে লিজার মৃত্যু হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে শিশুটি মাত্র ২০ ঘণ্টার মধ্যেই এতিম হয়ে গেছে।
ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাই হুমায়ুন এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#ফেনী #প্রসূতিমৃত্যু #ক্লিনিকসিলগালা #ভুলচিকিৎসা #স্বাস্থ্যবিভাগ