চকরিয়ায় অধ্যাপক আবু তাহেরের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি: ১৮ লাখ টাকার মালামাল লুট

কক্সবাজারের চকরিয়ায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকায় অধ্যাপক আবু তাহের সিকদারের বসতবাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অধ্যাপক আবু তাহের সিকদারের ছোটো ছেলে কামরুল আহসান জানান, মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে বাড়ির সামনের গ্রিলে শব্দ শুনতে পান তিনি। শব্দ শুনে তিনি তার রুমের দরজা খুলে সিঁড়ির কাছে গেলে সেখানে অস্ত্রধারী ও মুখোশ পরিহিত পাঁচ-ছয়জন ব্যক্তিকে দেখতে পান। তারা দ্রুত এসে কামরুলকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত, পা ও মুখমণ্ডল বেঁধে ফেলে। এ সময় বাড়ির ভেতরের অন্যান্য সদস্যদের শব্দ শুনে কামরুলের মা ও স্ত্রী রুমের দরজা খুলে বাইরে এলে ডাকাতরা তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
কামরুল আহসান আরও জানান, ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে আলমিরা খুলে সেখান থেকে সাত ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি জানান, সকাল ৬টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর পর সকাল ৮টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল তার বাড়িতে আসে। পুলিশ সদস্যরা ডাকাতির ঘটনা সম্পর্কে তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। তবে দুপুর ১২টার দিকে পুলিশ সদস্যরা বাড়ি থেকে চলে যান এবং তাকে থানায় যেতে বলেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চকরিয়া #ডাকাতি #কক্সবাজার #আইনশৃঙ্খলা #অপরাধ