চলন্ত বাস থেকে পড়ে হেলপারের রহস্যজনক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে মোঃ রাজু (২৯) নামে এক বাস হেলপারের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুগন্ধা পরিবহনের একটি বাস মাইজদীর দিকে আসার সময় হেলপার রাজু হঠাৎ বাস থেকে সড়কে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হেলপার অসাবধানতাবশত পড়ে যান। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#নোয়াখালী #দুর্ঘটনা #বাসহেলপার