চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চকরিয়ায় রেল কর্মচারী গুরুতর আহত

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কর্মচারীর নাম ছাবের আহমদ (৫২), যিনি রেলের বেডিং পোর্টার হিসেবে কর্মরত। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়লে তা সরাসরি তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
প্রাথমিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগেও এই রুটে অসংখ্যবার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যাতে অনেক যাত্রী ও কর্মচারী আহত হয়েছেন। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।