International
১১ এপ্রি, ২০২৬

চন্দ্র অভিযান সম্পূর্ণ করে নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন করলেন ৪ জন সাহসী নভোচারী

চন্দ্র অভিযান সম্পূর্ণ করে নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন করলেন ৪ জন সাহসী নভোচারী

আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) আর্টেমিস-২ চন্দ্রাভিযানের চারজন ক্রু সদস্য ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) তাদের বহনকারী 'ওরিয়ন' মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এর আগে ক্রু সদস্যরা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের প্রস্তুতি নেন। মহাকাশযানটিকে সুরক্ষা দিতে উদ্ধার অভিযানে আমেরিকার নৌবাহিনীর জাহাজ ও ডুবুরিরা অংশ নিয়েছেন। নভোচারীদের উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হবে এবং স্বাস্থ্য পরীক্ষার পর তারা হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ফিরে আসবেন। ১০ দিনের এ রোমাঞ্চকর চন্দ্রাভিযানটি গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে মহাকাশযাত্রা শুরু হয়েছিল। চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড (২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) ভেঙে দিয়েছে। সূত্র: এএফপি

#চন্দ্রাভিযান #নাসা #নভোচারী #ওরিয়ন #প্রশান্তমহাসাগর