প্রযুক্তি
১১ এপ্রি, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও একটি প্রায় ৮ ফুট লম্বা ভয়ংকর 'কিং কোবরা' সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ) সাপ উদ্ধারকারী দলের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্ল্যাব ভেঙে সাপটি উদ্ধার করেন।

চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার জানান, এটি পৃথিবীর অন্যতম বিষধর সাপের প্রজাতি। সাপটি বর্তমানে থ্রিএসএ দলের তত্ত্বাবধানে রয়েছে। প্রয়োজনে এটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিষ গবেষণা কেন্দ্রে পাঠানো হতে পারে, অথবা ক্যাম্পাসের গহিন বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় কিং কোবরার উপস্থিতি নতুন নয়। তবে এরা সাধারণত মানুষের কোলাহল এড়িয়ে চলে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে আগুন লাগানো এবং অতিরিক্ত আগাছানাশক ব্যবহারের ফলে এদের স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় এরা লোকালয়ের দিকে চলে আসছে।

#কিং_কোবরা #চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয় #সাপ_উদ্ধার #থ্রিএসএ #চট্টগ্রাম