Chattogram
৩ মার্চ, ২০২৬

চট্টগ্রামে পারিবারিক কলহে বোন খুন, ভাই আটক

চট্টগ্রামে পারিবারিক কলহে বোন খুন, ভাই আটক

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ঈদগাহ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ছেনোয়ারা বেগম হালিশহর থানার ঈদগাহ এলাকার সাবের আহমদের স্ত্রী। ঘটনার দিন রাতে ছেনোয়ারা বেগমের ভাই তার বোনের বাড়িতে যান। একপর্যায়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয় এবং এর জেরে ভাই ধারালো অস্ত্র দিয়ে ছেনোয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন।

 

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক ভাই পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে আটক হন। পরে তাকে হালিশহর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃত ভাইয়ের নাম জানা যায়নি।

 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ছেনোয়ারাকে তার ভাই বাড়িতে গিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাইকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ হত্যার পেছনের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।