চট্টগ্রামের দুটি বৃহৎ সার কারখানা বন্ধ

গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশে সার উৎপাদন বন্ধ করে দিল চট্টগ্রামের দুটি বৃহৎ সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে চলমান গ্যাস সংকটের কারণে শিল্প খাতে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে সার কারখানাগুলোতে গ্যাসের চাপ কমে গেলে উৎপাদন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
কারখানা সূত্রে জানা গেছে, সিইউএফএল স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১,১০০ থেকে ১,২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকো প্রতিদিন প্রায় ১,৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১,৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন সক্ষমতা রাখে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর হওয়ায় পর্যাপ্ত চাপ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া উৎপাদন চালানো ঝুঁকিপূর্ণ। কম চাপের গ্যাসে উৎপাদন অব্যাহত রাখলে যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কা থাকে।