চট্টগ্রামের কে.বি. অর্কিড প্লাজায় ভয়াবহ আগুন: ২ জনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকার ‘কেবি অর্কিড প্লাজা’ নামের একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সংঘটিত এই দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টায় কে. বি. অর্কিড প্লাজায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ধোঁয়ায় আক্রান্ত হন চারজন।
উদ্ধারকৃতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মোহাম্মদ ইউনুস (৫২) এবং সোলাইমান (২৮) নামের দুই দোকান কর্মচারীকে মৃত ঘোষণা করেন। নিহত ইউনুস পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার এবং সোলাইমান একই উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা ছিলেন।
এছাড়াও, পাকিজা টেইলার্সের কর্মচারী মোহাম্মদ মামুন এবং উদ্ধারকারী মোহাম্মদ শাওন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
#চট্টগ্রামঅগ্নিকাণ্ড #টেরিবাজারআগুন #কেবিঅর্ডিকপ্লাজা #মার্কেটফায়ার #২জনেরমৃত্যু