ঢাকা-খুলনা মহাসড়কে বাইকারদের অবরোধে যানজট, পরিস্থিতি স্বাভাবিক

ঢাকা-খুলনা মহাসড়কে জ্বালানি তেল না পাওয়ার জেরে গোপালগঞ্জের মান্দাতলা এলাকায় বাইকারদের অবরোধ সৃষ্টি হয়েছে।
এতে মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গোপালগঞ্জ পৌর এলাকার ৭টি ফিলিং স্টেশনে ভোর থেকে তেল দেয়া বন্ধ রাখা হয়। ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা তেলের জন্য অপেক্ষা করে বাইকাররা, কিন্তু তেল না পেয়ে বেলা পৌনে তিনটার দিকে মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে তারা।
বাইকারা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনগুলো তেল থাকার পরও তাদের তেল দেয়া হচ্ছে না। তেল নিতে ভোর থেকেই অপেক্ষা করেন তারা। এতে ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ জনজীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান লফিজ জানান, গভীর রাত পর্যন্ত তেল দিতে গিয়ে পাম্পের কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছে এবং চাকরি ছেড়ে দিচ্ছেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ ও ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে তদারকি করেন। পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
#জ্বালানি_সংকট #ঢাকাখুলনা #মহাসড়ক