প্রযুক্তি
১২ এপ্রি, ২০২৬
ঢাকার যানজট নিরসনে ১১ দফা প্রস্তাব পেশ করল ঢাকা যানজট নিরসন কমিটি

ঢাকার যানজট নিরসনে 'ঢাকা যানজট নিরসন কমিটি' নামের একটি বেসরকারি সংগঠন ১১ দফা প্রস্তাবনা পেশ করেছে। সংগঠনটির সভাপতি ইছহাক দুলাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবগুলো তুলে ধরেন।
প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- খাল সংস্কার করে স্পিডবোট, ওয়াটার বাস ও ছোট লঞ্চ চালুর ব্যবস্থা করা।
- শহরের চারপাশে নদী ঘেঁষে ট্রাম রোড (মিনি রেলপথ) স্থাপন।
- মিনি রেলপথ ঘেঁষে একটি রিং রোড তৈরি করা।
- সায়দাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে, মহাখালী বাস স্ট্যান্ড টঙ্গীতে এবং বাবুবাজার বাসস্ট্যান্ড কেরানীগঞ্জে স্থানান্তর। গাবতলী বাসস্ট্যান্ড গাবতলীতেই থাকবে।
- কমলাপুর থেকে বাইপাস রেললাইন টঙ্গীর সঙ্গে সংযুক্ত করা অথবা উড়াল সেতু নির্মাণ।
- ঢাকা শহরকে দুইটি জোনে ভাগ করে জোন এক-এর আদালত ভবন কেরানীগঞ্জের জেলখানার পাশে এবং জোন দুই-এর আদালত ভবন কাশিমপুরের জেলখানার পাশে স্থাপন।
- ঢাকার চারদিকে ১০০ কিলোমিটার ট্রেন চালু করে নিকটবর্তী জেলা শহরগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন।
- ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য হলিডে মার্কেট চালু করা এবং জনগণকে অবাধে চলাচলের সুযোগ দেওয়া।
- ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, যেখানে এসআই থেকে সহকারী কমিশনার পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং বুয়েটের সহায়তা নেওয়া হবে। চালকদেরও নিয়মিত ট্রাফিক বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব।
- ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে ভর্তুকিযুক্ত নন-এসি ও লাভজনক এসি নগর পরিবহন চালু করা।
- জাতীয় স্বার্থে গাড়িতে গ্যাস দেওয়া বন্ধ করে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
#যানজটনিরসন #ঢাকা #প্রস্তাবনা