ঢাকায় বাড়ছে গরম: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যার ফলে দিনের বেলায় গরমের অনুভূতি আগের তুলনায় বৃদ্ধি পাবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে। সারা দেশের জন্য প্রকাশিত পূর্বাভাসেও বলা হয়েছে যে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।