ডিএনসিসি-তে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু: লক্ষ্য ৫ লাখ শিশু

আজ রোববার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে। এই ক্যাম্পেইন আগামী ১১ মে পর্যন্ত চলবে এবং এর আওতায় প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর কড়াইল এলাকায় আজ সকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ মাস থেকে ৫ বছর বয়সি সকল শিশুর জন্য এই টিকা গ্রহণ বাধ্যতামূলক বলে জানান। তিনি উল্লেখ করেন যে, প্রাথমিকভাবে দেশের ১৭টি উপজেলায় এবং পরে চারটি সিটি করপোরেশনে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ তারিখ থেকে দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।
ডিএনসিসি প্রশাসক জানান, মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে নগরবাসীকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হবে।
এই ক্যাম্পেইনের জন্য ডিএনসিসি এলাকায় ৫৪টি স্থায়ী এবং ৫০২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও, ৩৫টি ইভিনিং সেন্টার ও আটটি ফ্রাইডে সেন্টারের মাধ্যমেও টিকাদান চলবে।
কর্মসূচি বাস্তবায়নে ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন ভলান্টিয়ার এবং ২০৩ জন সুপারভাইজার নিযুক্ত থাকবেন।
ডিএনসিসির পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
#হামরুবেলা #টিকাদান #ডিএনসিসি #শিশুস্বাস্থ্য