Chattogram
২৪ মার্চ, ২০২৬

দর্শকদের সংঘর্ষে পটিয়ায় ফুটবল ফাইনাল পণ্ড, ৪ জন আহত

দর্শকদের সংঘর্ষে পটিয়ায় ফুটবল ফাইনাল পণ্ড, ৪ জন আহত

চট্টগ্রামের পটিয়ায় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দর্শকদের দুই পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে ২৩ মার্চ সোমবার বিকেলে পটিয়া উপজেলার ধলঘাট মুকুটনাইট বড়ুয়াপাড়া এলাকায়। আহতরা হলেন মো. খোরশেদ (২২), জুবায়েদ (২১), জিহান (২০) ও ওহিন (২৪)। এদের মধ্যে মো. খোরশেদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী চরনদ্বীপ ফুটবল দল ও চন্দনাইশ উপজেলার একটি ফুটবল দল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয়। খেলার শেষ মুহূর্তে বোয়ালখালী চরনদ্বীপ ফুটবল দলের একটি গোল রেফারি বাতিল করলে দুই দলের দর্শকদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

 

সংঘর্ষে ৪ জন আহত হওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে পটিয়া হাসপাতালে নেওয়া হয়, পরে খোরশেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

 

খেলার আয়োজক কমিটির সদস্য ও রেফারি সানি বড়ুয়া জানান, গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এবং একপর্যায়ে মারামারির কারণে খেলা শেষ করা যায়নি। তিনি আরও জানান, এ বিষয়ে দুই দলকে নিয়ে থানায় আসা হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে।

 

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।

 

#চট্টগ্রাম #পটিয়া #ফুটবল #সংঘর্ষ #খেলাবন্ধ