National
৪ মার্চ, ২০২৬
দুবাই থেকে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে এই বিশেষ ফ্লাইটগুলো পরিচালিত হবে। যেসব বাংলাদেশী যাত্রীদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
ফ্লাইটের সময়সূচী:
- প্রথম ফ্লাইট (আজ বুধবার): ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
- দ্বিতীয় ফ্লাইট (আগামীকাল বৃহস্পতিবার): ঢাকা থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি সাপেক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স এই ফ্লাইটগুলো পরিচালনা করছে। টিকেট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।