National
৩ মার্চ, ২০২৬

ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই বসতঘর, আহত ২, ১০ লাখ টাকার ক্ষতি

ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই বসতঘর, আহত ২, ১০ লাখ টাকার ক্ষতি

পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দুই কক্ষবিশিষ্ট বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শহরের আলহাজ ক্যাম্প এলাকায় মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে, অলটেক কম্পিউটার ও প্রিন্টিং প্রেসের মালিক ব্যবসায়ী আমিনুল ইসলাম ডালিমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আগুনে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং গৃহস্থালির সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী ও ছেলে আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ঘরের ভেতর থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেতরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় পাশের বসতবাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যাড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী নিশ্চিত করেছেন যে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।