এক চোখে হঠাৎ ঝাপসা দেখা: কখন বুঝবেন মারাত্মক বিপদ?

অনেকে চোখ ঝাপসা হওয়ার ঘটনাকে ক্লান্তি বা ঘুমের অভাব বলে এড়িয়ে যান। তবে হঠাৎ এক চোখে দৃষ্টি ঝাপসা হওয়াকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি চোখ বা শরীরের ভেতরের কোনো গুরুতর সমস্যার সংকেত হতে পারে, যা সময়মতো চিকিৎসা না করালে স্থায়ী দৃষ্টিহীনতার কারণ হতে পারে।
চক্ষু বিশেষজ্ঞদের মতে, আকস্মিক দৃষ্টির পরিবর্তন বড় সমস্যার সতর্কবার্তা। মাত্র কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য দৃষ্টি ঝাপসা হলেও তা গুরুতর ঝুঁকির ইঙ্গিত হতে পারে। এর পেছনে যেসব কারণ থাকতে পারে:
- রেটিনাল ডিটাচমেন্ট: চোখের রেটিনার স্থানচ্যুতি।
- চোখে স্ট্রোক: রেটিনার ধমনিতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়া।
- অপটিক নিউরাইটিস: চোখের স্নায়ুর প্রদাহ।
- অ্যাকিউট অ্যাঙ্গেল-ক্লোজার গ্লুকোমা: চোখের চাপ হঠাৎ বেড়ে যাওয়া।
- মস্তিষ্কে স্ট্রোক: মস্তিষ্কের সেই অংশে সমস্যা যা দৃষ্টি নিয়ন্ত্রণ করে।
যদিও শুকনো চোখ, মাইগ্রেন বা চশমার পাওয়ার পরিবর্তনের কারণেও ঝাপসা দেখা দিতে পারে, সাধারণ মানুষের পক্ষে গুরুতর সমস্যাটি চিহ্নিত করা কঠিন। তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ আছে, তাদের ঝুঁকি বেশি। যদি ঝাপসা দৃষ্টির সঙ্গে হাত-পা দুর্বল লাগা, কথা জড়িয়ে যাওয়া বা তীব্র মাথাব্যথা ও বমি ভাব থাকে, তবে অবিলম্বে হাসপাতালে যেতে হবে। এই লক্ষণগুলো স্ট্রোকের ইঙ্গিত হতে পারে।
দ্রুত চিকিৎসা না হলে চোখের ক্ষতি স্থায়ী হতে পারে। আধুনিক পরীক্ষার মাধ্যমে রেটিনার সমস্যা বা স্নায়ুর প্রদাহ দ্রুত শনাক্ত করা সম্ভব। সঠিক সময়ে চিকিৎসা স্থায়ী অন্ধত্ব থেকে রক্ষা করতে পারে। শরীরের এই সতর্কবার্তা গুরুত্ব সহকারে নিন।