National
৫ এপ্রি, ২০২৬

ফুলবাড়ীয়া পৌরসভায় ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় চরম সংকট

ফুলবাড়ীয়া পৌরসভায় ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় চরম সংকট

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লাগেনি। পৌরসভায় নির্দিষ্ট ও পরিকল্পিত কোনো ডাম্পিং স্টেশন না থাকায় প্রতিদিনের গৃহস্থালি ও বাজারের বর্জ্য যত্রতত্রভাবে বিভিন্ন সড়ক ও খোলা জায়গায় ফেলা হচ্ছে। এতে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে উঠেছে।

 

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডাম্পিং স্টেশন না থাকায় সরকারি খাস জমির গর্তে বর্জ্য ফেলা হচ্ছে। পূর্বে চান্দের বাজার খাল পাড় এলাকার একটি খাস জমিতে অস্থায়ীভাবে বর্জ্য ফেলা হলেও বর্তমানে তাও সঠিকভাবে হচ্ছে না। ফলে বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকছে।

 

বিশেষ করে, ৫নং ওয়ার্ডের চান্দের বাজার খাল পাড় এলাকার নূরে হেরা হাফিজিয়া মাদ্রাসার পাশের একটি খাস জমিতে বর্জ্য ফেলার কারণে ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা দূষিত পরিবেশের সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বারবার আপত্তি জানানো সত্ত্বেও পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি।

 

পশ্চিম বাজারের প্রায় সব জায়গায় ময়লা স্তূপ করে রাখা হচ্ছে, যা থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। বর্জ্যের দুর্গন্ধ, মাছি এবং রোগবালাইয়ের উপদ্রব পুরো এলাকার মানুষকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে। চান্দের বাজার এলাকার বাসিন্দা আজাফর আলী জানান, 'ময়লার দুর্গন্ধে বাসায় থাকাই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রমজান মাসে কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে।'

 

পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেন তারা বলেন, 'লোকালয় ছাড়া নির্জন জায়গায় বর্জ্য ফেলা উচিত। কিন্তু ফুলবাড়ীয়ায় রাস্তার পাশে ও বসতবাড়ির পাশে উন্মুক্তভাবে বর্জ্য ফেলা হচ্ছে, যা পরিবেশ ও মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর।' তিনি আরও বলেন, 'ময়লার দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটা দায় হয়ে পড়েছে। আমরা সুস্থভাবে বাঁচতে চাই।'

 

স্থানীয় বাসিন্দা মিনা চৌহান জানান, 'ময়লার স্তূপে কুকুর আসে, এতে আমাদের বাড়ির ছোট বাচ্চারা ভয়ে বাইরে খেলতে পারে না।' জামিয়া নূরে হেরা মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম বলেন, 'পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা প্রকট আকার ধারণ করেছে। উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে। দ্রুত একটি পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।'

 

এ বিষয়ে ফুলবাড়ীয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনারের বক্তব্য পাওয়া যায়নি।

 

#ফুলবাড়ীয়া #বর্জ্যব্যবস্থাপনা #পরিবেশদূষণ #জনদুর্ভোগ #ময়মনসিংহ