গাছ কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু: ফরিদগঞ্জে চাঞ্চল্য

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানের গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আলী হায়দার (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য শহীদউল্যাহ গাজীর বরাত দিয়ে জানা যায়, গত সোমবার (২৩ মার্চ) সকালে আলী হায়দার গংদের সঙ্গে একই বাড়ির কলিম উদ্দিন ও ফয়েজ আহমদ গংদের মধ্যে পারিবারিক কবরস্থানের গাছ কাটা নিয়ে বিবাদ বাধে। এ সময় কলিম উদ্দিন পক্ষের লোকজন আলী হায়দারকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।
গুরুতর আহত অবস্থায় আলী হায়দারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি মারা যান।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মডেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রতিপক্ষের হাজেরা বেগম নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক নিশ্চিত করেছেন।
#ফরিদগঞ্জ #চাঁদপুর #খুন #মারামারি #আইনশৃঙ্খলা