National
২৮ ফেব, ২০২৬

গাজীপুরে কিশোরকে শ্বাসরোধে হত্যা, আগুনে পোড়ানো হলো মরদেহ!

গাজীপুরে কিশোরকে শ্বাসরোধে হত্যা, আগুনে পোড়ানো হলো মরদেহ!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অজ্ঞাত কিশোরকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার এমসি বাজার থেকে সাতখামাইর আঞ্চলিক সড়কের বৃন্দাবন নামক স্থানে আগুনে পোড়া ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা সকাল সাড়ে ৮টার দিকে সড়কের পাশে আগুনে পোড়া দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৭টার মধ্যে কোনো এক সময় কিশোরটিকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে যায় এবং পরে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানায়, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর। তার গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বের হয়ে ছিল, যা থেকে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া যাচ্ছে। গ্রাম পুলিশ সদস্য শরীফ হোসেন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যার পর নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহে আগুন দেওয়া হয়েছে। এতে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনাটি অত্যন্ত রহস্যজনক হওয়ায় হত্যাকাণ্ডসহ বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সাথে নিহতের পরিচয় শনাক্ত এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।