National
৪ এপ্রি, ২০২৬

গাজীপুরে পারিবারিক কলহের জেরে মা-সন্তানের মৃত্যু

গাজীপুরে পারিবারিক কলহের জেরে মা-সন্তানের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে তিন বছর বয়সি শিশুপুত্রকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতি রানী দাস আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যাল এলাকায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে এ ঘটনা ঘটে।

নিহত মিতি রানী দাস রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের স্কুলশিক্ষক হরে কৃষ্ণের স্ত্রী এবং নিহত শিশু রুদ্র দাস তাদের একমাত্র সন্তান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকার বিপরীত পাশে রেললাইনের পাশে ওই নারীকে শিশুসন্তানসহ বসে থাকতে দেখা যায়।

পরে তিস্তা এক্সপ্রেস ট্রেন আসার সময় হঠাৎ করেই তিনি শিশুটিকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মিতি রানীর মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করে।

পারিবারিক কলহ #আত্মহত্যা #গাজীপুর #রেলওয়ে_দুর্ঘটনা