‘গেম অব থ্রোনস’ তারকা আইরিশ মাইকেল প্যাট্রিক আর নেই, মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যু

বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর অভিনেতা আইরিশ মাইকেল প্যাট্রিক আর বেঁচে নেই। মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাওমি শিহান। তিনি জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’ (এমএনডি)-এর সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর মাইকেল মারা গেছেন।
মাইকেল ‘গেম অব থ্রোনস’-এ বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সদস্য হিসেবে অভিনয় করেছিলেন। তার চরিত্রটি ছোট হলেও বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন।
তিনি কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এও অভিনয় করেছেন। এছাড়া ‘ব্লু লাইটস’ ও ‘মাই লেফট নাট’-এর মতো টেলিভিশন শো এবং থিয়েটার জগতেও তিনি সক্রিয় ছিলেন।
২০২৩ সাল থেকে মাইকেল ‘মোটর নিউরন ডিজিজ’ রোগে ভুগছিলেন, যা শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার শক্তি কেড়ে নেয়।
মাইকেলের অকালপ্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন।
#আইরিশমাইকেলপ্যাট্রিক #গেমঅবথ্রোনস #মোটরনিউরোনডিজিজ