Rangpur
২৮ ফেব, ২০২৬

গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও লুটপাট: জামায়াত কর্মী পরিচয়ের অভিযোগ, অস্বীকার জামায়াতের

গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও লুটপাট: জামায়াত কর্মী পরিচয়ের অভিযোগ, অস্বীকার জামায়াতের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘটিত এই হামলায় পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি নথি তছনছ, কম্পিউটার ভাঙচুর এবং নগদ অর্থ চুরির অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোজদার রহমান বাদী হয়ে সন্ত্রাসী মোখছেদ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মোখছেদ রহমানকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে, দরবস্ত ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি আব্দুর রউফ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে, মোখছেদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই এবং তার ভাইরা বিএনপির নেতা।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। তারা দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে। আলমারি ও ড্রয়ার থেকে গুরুত্বপূর্ণ ফাইল ও সরকারি নথি তছনছ করার পাশাপাশি নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে যায়।

প্রশাসনিক কর্মকর্তা মো. মোজদার রহমান জানান, এই হামলার কারণে পরিষদের দাপ্তরিক কাজে চরম বিঘ্ন ঘটছে এবং গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হারানোর ফলে সাধারণ মানুষের সেবা প্রদান ব্যাহত হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানিয়েছেন, তারা লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করছেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।