National
১ মার্চ, ২০২৬

গোবিন্দগঞ্জে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার: রহস্যের জট খুলছে?

গোবিন্দগঞ্জে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার: রহস্যের জট খুলছে?

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে ছামছুন্নাহার বেগম রুমা (৪২) নামের এক নারী শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুমা তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, শনিবার দুপুর পর্যন্ত রুমার কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষের দরজা খোলা হয়। এ সময় তারা দেখতে পান, ওড়না পেঁচানো অবস্থায় হাত-পা বাঁধা রুমার নিথর দেহ পড়ে আছে। ঘরের ভেতর বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে তাকে হত্যা করেছে।

পরিবারের সদস্যরা আরও জানান, এর আগেও রুমার বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা পূর্ববর্তী চুরির ঘটনার সাথে সম্পর্কিত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।