হামের প্রকোপ: আগামীকাল থেকে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি

হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামীকাল রোববার থেকে সারা দেশে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ১৯ দিনে দেশে হামের উপসর্গ নিয়ে ৫ হাজার ৭৯২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৭৭১ জন হামে আক্রান্ত, যার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানিয়েছেন, আগামীকাল থেকে রাজশাহীসহ দেশের সব ঝুঁকিপূর্ণ অঞ্চলের টিকাদান কেন্দ্রগুলোতে হামের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ইপিআই) মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, প্রয়োজনীয় ভ্যাকসিন শুক্রবার পাঠানো হয়েছে এবং সিরিঞ্জ ব্যবস্থাপনায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ১৯ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ ।
এই সময়ের মধ্যে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৯৪। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৯৪৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরো জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৩ হাজার ৭৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
টিকাদান কর্মসূচি #হামের_প্রকোপ #টিকাদান #স্বাস্থ্য_অধিদপ্তর