National
১২ মার্চ, ২০২৬

হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ল্যাপটপ নিয়ে ঝগড়ার জেরে আত্মহত্যার ধারণা

হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ল্যাপটপ নিয়ে ঝগড়ার জেরে আত্মহত্যার ধারণা

চট্টগ্রামের হাটহাজারীতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিনগত রাতে পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার মা ম্যানশন নামক একটি বাসা থেকে ১৭ বছর বয়সী মুন্নি আক্তার নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নি তার শয়নকক্ষে প্রবেশের পর দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্নির মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতের পরিবারের সদস্যরা আত্মহত্যার কারণ নিশ্চিত করে বলতে পারেননি। তবে স্থানীয়দের ধারণা, ঘটনার কিছু সময় আগে ছোট ভাইয়ের কাছে ল্যাপটপ চাওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনার জেরে অভিমান করে মুন্নি আত্মহত্যার পথ বেছে নেয়।

 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

#হাটহাজারী #কিশোরীরআত্মহত্যা #ঝুলন্তমরদেহ #ল্যাপটপবিতর্ক #চট্টগ্রাম