ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় ৫ আইআরজিসি সেনা নিহত, ২৪ ঘণ্টায় ৯৬ জনের প্রাণহানি

ইরানের বুশেহর প্রদেশে মার্কিন-ইসরাইলি হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ সেনা নিহত হয়েছেন। দেশটির সংবাদ সংস্থা আইএসএনএ এই তথ্য জানিয়েছে। আইএসএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, বুশেহর প্রদেশের মধ্যাঞ্চলীয় জাম ও দির শহরে এই হামলা চালানো হয়, যেখানে আইআরজিসির বিমান বাহিনী ও নৌবাহিনীর পাঁচ সদস্য প্রাণ হারান।
এদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিজ নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে যে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক সদস্য রয়েছেন।
ওয়াশিংটন ডিসিভিত্তিক এই সংস্থাটি আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে ইরানে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৪২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে এইচআরএএনএ। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল। তবে, আলজাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।