ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলায় উপসাগরীয় অঞ্চলজুড়ে অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির ফলে ঘাঁটিগুলো মার্কিন বাহিনীর জন্য উপকারের চেয়ে বেশি ঝুঁকি তৈরি করছে।
গত মাসে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় ঘাঁটিগুলো 'প্রায় বসবাসের অযোগ্য' হয়ে পড়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ স্বীকার করেনি।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির পরিচালক মার্ক লিঞ্চ বলেছেন, 'ঘাঁটিগুলো মার্কিন আধিপত্যের ভৌত স্থাপত্য। ইরান এক মাসের মধ্যে এটিকে কার্যত অকেজো করে দিয়েছে।' তিনি আরও উল্লেখ করেন যে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষতির কোনো পূর্ণাঙ্গ ও সঠিক প্রতিবেদন পাওয়া যাচ্ছে না।
বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমানে অবস্থিত এই ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেন্টাগন এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। গত মাসে এসব দেশের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের কোনো ছবি বা ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা নিশ্চিত করতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
#ইরান #মার্কিন_সামরিক_ঘাঁটি #উপসাগরীয়_অঞ্চল #মধ্যপ্রাচ্য