ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে কুমিল্লার প্রবাসী নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার, ১ এপ্রিল, নিহতের পরিবার এবং দুবাইপ্রবাসী বাংলাদেশিদের সূত্রে এই তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটে বুধবার সকাল ৮টার দিকে দুবাইয়ের ফুজিরা ডিব্বা নামক স্থানে। নিহত শাহ আলম ভুঁইয়া (৫০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার ইসমাইল ভুঁইয়ার বাড়ির হানিফ ভুঁইয়ার মেজ ছেলে।
দুবাইপ্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা যায়, শাহ আলম ভুঁইয়া যখন কর্মস্থলে যাচ্ছিলেন, তখন ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। হামলার সময় আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে এবং মানুষ ছোটাছুটি শুরু করলে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
শাহ আলম ভুঁইয়ার মৃত্যুতে দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং তার নিজ গ্রাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইনে শোকের ছায়া নেমে এসেছে।
#দুবাই #ইরান #ক্ষেপণাস্ত্রহামলা #প্রবাসীনিহত #কুমিল্লা